ভিটামিন ডি-যাকে অনেকেই বলেন সানশাইন ভিটামিন। শরীরের হাড় মজবুত রাখা, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হরমোনের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অপরিসীম। কিন্তু জানেন কি, দেহের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ ভিটামিন ডি সূর্যের আলো থেকেই পাওয়া যায়?
তবে প্রশ্ন হচ্ছে, দিনের ঠিক কোন সময়ের রোদে গা লাগালে শরীর সবচেয়ে ভালোভাবে ভিটামিন ডি শোষণ করতে পারে?
সকালে না বিকেলে কখন রোদে থাকা সবচেয়ে উপকারী?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে রোদে থাকা সবচেয়ে কার্যকর। এই সময় সূর্যের অতিবেগুনি বি (UVB) রশ্মি সবচেয়ে শক্তিশালী থাকে, যা ত্বকে পৌঁছে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ অধ্যাপক মোহসেনা আক্তার বলেন,
“যখন বাইরে দাঁড়িয়ে দেখবেন, আপনার ছায়া আপনার তুলনায় ছোট, তখনই বুঝবেন-এখনই ভিটামিন ডি পাওয়ার সেরা সময়।”
কীভাবে রোদে থাকলে শরীরে ভিটামিন ডি বাড়বে
- প্রতিদিন ১৫–২০ মিনিট রোদে থাকা যথেষ্ট, তবে ত্বকের রঙের ওপর সময় নির্ভর করে।
- গায়ের যত বেশি অংশ খোলা থাকবে, তত বেশি ভিটামিন ডি উৎপন্ন হবে।
- শুধু মুখ ও হাত নয়, সম্ভব হলে পিঠ বা পায়ের অংশও কিছুটা খোলা রাখুন।
- রোদে থাকার সময় সানস্ক্রিন বা ঘন পোশাক এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো ত্বকে আলো পৌঁছাতে বাধা দেয়।
ত্বকের রঙের প্রভাব
শ্যামবর্ণ বা গাঢ় ত্বকে মেলানিন নামক রঞ্জক পদার্থ বেশি থাকে, যা সূর্যের অতিবেগুনি রশ্মিকে বাধা দেয়।
ফলে এ ধরনের ত্বকে ভিটামিন ডি উৎপাদন তুলনামূলক কম হয়।
- যাদের গায়ের রং উজ্জ্বল, তাদের প্রতিদিন ২০ মিনিট রোদে থাকাই যথেষ্ট।
- আর গাঢ় ত্বকের মানুষদের একটু বেশি সময় ৩০–৪০ মিনিট পর্যন্ত রোদে থাকা প্রয়োজন।
বয়স বাড়লে কেন কমে যায় ভিটামিন ডি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে ভিটামিন ডি তৈরির ক্ষমতা কমে যায়। এ কারণেই প্রবীণদের মধ্যে হাড়ক্ষয়, অবসাদ ও দুর্বলতা বেশি দেখা যায়। অধ্যাপক মোহসেনা আক্তারের পরামর্শ,
“বয়স বাড়লে প্রতিদিন অন্তত একবার রোদে বের হওয়া উচিত। এতে হাড় মজবুত থাকে, শরীরও চাঙা থাকে।”
কখন রোদে যাওয়া বিপজ্জনক
যদিও সকাল ১০টা থেকে বিকেল ৩টার রোদে ভিটামিন ডি ভালোভাবে পাওয়া যায়, বিকেল ৩টার পর বা মিড ডে’র পরে দীর্ঘক্ষণ রোদে থাকা ক্ষতিকর হতে পারে। এতে ত্বকের জ্বালা, বার্ধক্য এবং স্কিন ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
শেষ কথা
ভিটামিন ডি কোনো বিলাসিতা নয়, শরীরের দৈনন্দিন প্রয়োজন। তাই ব্যস্ত জীবনে কয়েক মিনিট সময় দিন- রোদে হাঁটুন, শরীরের ত্বকে সূর্যের আলো লাগতে দিন। কারণ এই ছোট অভ্যাসটাই হতে পারে আপনার হাড়, মন ও শরীরের শক্তির মূল চাবিকাঠি।
আপনার মতামত লিখুন