পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর স্কিম চলতি সপ্তাহেই ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকের আমানতকারীরা কীভাবে টাকা তুলবেন, কোন হারে মুনাফা পাবেন এবং বীমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত প্রদানের পদ্ধতি, সব তথ্যই স্কিমে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।এর আগে গত সপ্তাহে এ পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন–ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে নতুন ব্যাংকের মূলধন জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাবও খোলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর শনিবার এক অনুষ্ঠানে জানান, পাঁচ ব্যাংক একীভূত করে নতুন যে ব্যাংক গঠন করা হচ্ছে তার প্রস্তুতি প্রায় শেষের পথে। তাঁর ভাষায়, “নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারে।” তিনি আরও জানান, নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করবে, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার। বর্তমানে দেশে কোনো ব্যাংকের এত বড় পরিশোধিত মূলধন নেই।জানা গেছে, “সম্মিলিত ইসলামী ব্যাংক” নামে চলতি সপ্তাহেই চূড়ান্ত লাইসেন্স ইস্যু হতে পারে। এরপর একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন করা হবে। আমানত বীমা তহবিলের আওতায় প্রত্যেক গ্রাহক দুই লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিকভাবে পাবেন, আর বাকি অর্থ ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে। এতদিন যাঁরা টাকা তুলতে পারেননি, তাঁদের জমার ওপর ৪ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে কর্মীদের বেতন–ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। নভেম্বরের বেতন পরিশোধ করা হলেও পরের মাসে সমহারে সমন্বয় সম্পন্ন হবে। পাশাপাশি নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।একীভূত হওয়ার তালিকায় রয়েছে, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। চলতি বছরের শুরুতে এসব দুর্বল ব্যাংক একীভূতের উদ্যোগ নেওয়া হয় এবং ৫ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রশাসক নিয়োগ দেয়।ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, “দেশের অচল ও দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলো সমাধানের বাইরে রাখতে পারি না। পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে আমরা ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স প্রয়োগ করতে যাচ্ছি। নতুন ব্যাংকটি আগামী সপ্তাহেই লঞ্চিং হবে বলে আশাবাদী।”[1137]